মাদারীপুরের শিবচর এক্সপ্রেসওয়ে থেকে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামালসহ ছিনিয়ে নেয়া পিকআপসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে ও শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুর, শিবচর, রাজৈর ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শিবচর থানা পুলিশ জানায়, সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে বিভিন্ন ধরণের কাপড়, জুতা, চকপাউডার, লোহার মালামাল নিয়ে মাদারীপুরের উদ্দেশ্যে পিকআপটি ছেড়ে আসে। পথিমধ্যে পদ্মাসেতু পার হয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার সময় ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর এলাকায় আসলে অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান মালামাল বোঝাই পিকআপটির সামনে ব্যারিকেড সৃষ্টি করে চালক ও হেলপারকে মারপিট করে গাড়িটি ছিনতাই করে নিয়া যায়। উক্ত ঘটনায় শিবচর থানায় একটি মামলা দায়ের হলে পুলিশ মাঠে নামে।
আরও পড়ুন: কলাপাড়ায় ৬৫৫ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার
শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামী মো. আলমগীর মীর (৩০), মো. আসাদুল আকন (২২), বিল্লাল (২৫), রাকিবকে গ্রেপ্তার করে। পাশাপাশি লুণ্ঠিত মালামাল ও গাড়ি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ছিনতাইয়ে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।
একাত্তর/জো