শিবচরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌরসভার মোহরীপট্টি এলাকায় ছয়তলা ভবনের বাইরের দেয়ালে বাঁশ বাঁধার সময় ওই শ্রমিক পড়ে মারা যান। 

জানা গেছে, নিহত সাগর মিয়া সিরাজগঞ্জ জেলার মাছোয়াকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

সহকর্মী ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নাসির উদ্দিন বেপারীর ছয় তলা ভবনের বাহির দেয়ালে কাজ করার জন্য বাঁশ ও ত্রিপল লাগানোর সময় পা পিছলে নিচে পড়ে যান সাগর মিয়া। অবিলম্বে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সহকর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিঠুন বিশ্বাস জানান, বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পূর্বেই অতিরিক্ত রক্তক্ষরণ ও বুকে আঘাত পাওয়ায় সাগরের মৃত্যু হয়েছে। তার পরিবারের লোকজন মরদেহটি নিয়ে গেছেন। 

আরও পড়ুন: বড়াইগ্রামে গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, বহুতল ভবন থেকে পড়ে শ্রমিক নিহতের ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের লোকজন থানায় অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


একাত্তর/জো