নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে বালু তোলায় জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করার অভিযোগে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী ভোগাই নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। 

জানা গেছে, অর্থদণ্ড পাওয়া ওই বালু ব্যবসায়ী মিলন মিয়া (২৫) উপজেলার রামচন্দ্রকূড়া ইউনিয়নের বেলতৈল এলাকার তমিজ উদ্দিনের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে কতিপয় বালু ব্যবসায়ী ভোগাই নদীর ফুলপুর এলাকায় নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করছেন- এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন: দশমিনায় এসএসসি পরীক্ষার্থীর স্নাতক পড়ুয়া শ্রুতিলেখক! 

এসময় চারটি শ্যালোচালিত ড্রেজার, অসংখ্য পাইপ ও ড্রাম অকার্যকর করা হয়। একইসঙ্গে বালু উত্তোলনের দায়ে মিলন মিয়াকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/জো