মেহেরপুরে স্বর্ণের বারসহ দুই পাচারকারী গ্রেপ্তারের একদিন পর এবার ১৫ কেজি রুপাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে করমদী গ্রামের মাঠপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ আহম্মেদ (২৫) ও একই গ্রামের শওকত আলীর ছেলে ধনী রহমান (৩৩)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভারতীয় সীমান্ত এলাকায় মোটরসাইকেলে করে রুপা পাচারের খবর পেয়ে করমদি গ্রামে অবস্থান নেয় পুলিশ। সকাল সাতটার দিকে তারা পুলিশের হাতে ধরা পড়েন। এসময় তাদের মোটরসাইকেলে বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় ১৫ কেজি রুপা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
ভারত থেকে রুপা চোরাচালান করে দেশে আনা হয়েছে বলে জানিয়ে ওসি বলেন, এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একাত্তর/জো