বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে
প্রবল বৃষ্টি হচ্ছে। আকাশে উড়ছে গভীর কালো মেঘ। এর প্রভাবে সমুদ্রবন্দর, নদীবন্দর,
উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর এবং নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া এর প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
আমাদের মংলা সংবাদদাতা জানাচ্ছেন, গত ২৪ ঘন্টায় মোংলায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টিতে এরই মধ্যে পৌর শহরের নিচু এলাকায় জলাবদ্ধ হয়ে গেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও চিংড়ি ঘের। ঝুঁকির মুখে পড়েছে বেড়ি বাঁধ।
বিরূপ আবহাওয়ার কারণে পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি, ৩৪ রোহিঙ্গা উদ্ধার
এদিকে মঙ্গলবার দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
একাত্তর/আরবিএস