সিরাজগঞ্জে যুবকের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার চন্ডিদাসগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতের নাম মার্জিয়া খাতুন (২৫)। তিনি চন্ডিদাসগাতি গ্রামের আহসান উল্লাহর (৩০) স্ত্রী। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। 

পরিবারের বরাত দিয়ে ওসি হুমায়ুন কবির জানান, ভোরে ঝগড়ার এক পর্যায়ে নিজ ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে মার্জিয়াকে হত্যা করেন আহসান উল্লাহ। 

বিষয়টি পরিবার ও স্থানীয়রা জানার পর আহসান উল্লাহকে আটকে রেখে থানায় খবর দেয়।

আরও পড়ুন: ভারতে পালানোর সময় ৩০ রোহিঙ্গা নাগরিক আটক

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, অভিযুক্ত আহসান উল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


একাত্তর/এসজে