পার্কিংয়ের সময় কাভার্ডভ্যান উল্টে চালক নিহত

আশুলিয়ায় পার্কিং করার সময় কাভার্ডভ্যান উল্টে এর নিচে চাপা পড়ে শাহাদাত হোসেন নামের এক চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার বাইপাইলে কাভার্ডভ্যান রাখার ডিপোতে এই দুর্ঘটনা ঘটে।

ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানটি পোশাক কারখানার মালামাল পরিবহন করে থাকে।

নিহত শাহাদাত হোসেন (২৫) কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি একটি পোশাক কারখানা থেকে মালামাল নিয়ে নিজস্ব ডিপোতে পার্কিং করার সময় গর্তে পড়ে যায়। এসময় হেলে পড়া অংশের অবস্থা দেখতে গেলে এটি চালকের ওপর পড়ে। ফলে ঘটনাস্থলেই শাহাদাতের মৃত্যু হয়।

আরও পড়ুন: শেরপুরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রাশিদ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ