নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।
আওয়ামী লীগ কর্মী রুহুল আমিন সোমবার (১০ অক্টোবর) ভোর তিনটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
এর আগে রোববার রাতে হামলার শিকার হয়ে আফতাব উদ্দিন নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুবরণ করেন।
সিংড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জামিল আখতার জানান, সিংড়ার সুকাশ ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনের গ্রুপের সংঘর্ষ হয়। দুই গ্রুপের মধ্যে ওই এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
এ সংঘর্ষে আফতাব উদ্দিন ছাড়া দুই পক্ষের আরও অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংড়া হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আফতাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ‘পাগল’ বলায় কথা-কাটাকাটির জেরে দু’জন নিহত
আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সোমবার ভোর ৩টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের মৃত্যু হয়।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
পরে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান।
একাত্তর/এসজে