সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর হত্যা, গ্রেপ্তার চার

নোয়াখালীর সদর উপজেলায় ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বের জেরে কয়েকজন কিশোরের মারধর ও ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোয়াখালী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর মহল্লায় এ ঘটনা ঘটে। 

পরে একই দিন দিবাগত রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

নিহত কিশোরের নাম মো. জোবায়ের (১৮)। সে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিন নগরের কাজী বাড়ির কামাল উদ্দিনরে ছেলে। 

জোবায়ের নোয়াখালীর সোনাপুর আইডিয়াল পলিটেকনিক্যালের প্রথম বর্ষের ছাত্র ছিল। তারা পরিবার ওই এলাকায় ভাড়া বাসায় থাকে।

গ্রেপ্তাররা হলো, নোয়াখালী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন রাকিব (২২) আশরাফুল ইসলাম পিয়াস (১৯), আরিফুল ইসলাম (১৬), আলম রিমন (১৬)।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে সোমবার সকালের দিকে জোবায়েরের সঙ্গে স্থানীয় রাকিব ও পিয়াসের ছোট ভাই আরিফুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ধ্যার দিকে জোবায়েরকে তার বন্ধু লাদেন মুঠোফোনে বাসা থেকে ডেকে নেয়। এরপর কিশোর গ্যাংয়ের ৮-১০ জন সদস্য রাকিবের নেতৃত্বে জোবায়েরকে তার বাসার সামনে রাস্তায় বেধড়ক পিটিয়ে ছুরিকাঘাত করে।

আরও পড়ুন: নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার সাত 

এতে জোবায়ের গুরুত্বর আহত হয়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে মাইজদী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে  ৯টার দিকে কুমিল্লায় তার মৃত্যু হয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার  করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদদ করা হচ্ছে। 


একাত্তর/এসি