পাবনায় পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতাসহ চরমপন্থি দলের তিন সদস্য গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটারগান ও একটি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মিরপুর গ্রামের ইউনুস সরদার (২৮), মাসুদ সরদার (২২) ও জিলাল সরদার (৪০)।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানান আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী।
ওসি রওশন আলী বলেন, তারা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সর্বহারা দলের সঙ্গে জড়িত এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন খবরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মধ্যে ইউনুস ও মাসুদের নামে থানায় মামলা রয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা
তাদের রাজনৈতিক পরিচয় আছে কি-না এমন প্রশ্নে ওসি জানান, মাসুদ সরদার ঢালারচর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বাকিদের রাজনৈতিক পদ এখনও নিশ্চিত হতে পারেনি। তবে তারা রাজনীতির পাশাপাশি চরমপন্থি সর্বহারা দলের সঙ্গেও জড়িত বলে জানা গেছে।
একাত্তর/এসি