খুলনায় বিপুল পরিমাণ জাল টাকাসহ দুইজন গ্রেপ্তার

খুলনায় বিপুল পরিমাণ জালটাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

বুধবার (১২ অক্টোবর) খালিশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত সগীর ও হোসেন এর আগেও জালটাকার কারবারে যুক্ত থাকার থাকায় গ্রেপ্তার হয়েছিলেন। 

পুলিশ জানায়, খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা খালিশপুর এলাকা থেকে চার লাখ দশ হাজার জাল টাকা এবং বেশকিছু ভারতীয় রুপিসহ তাদের দুইজনকে গ্রেপ্তার এবং জালটাকা তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করেছে।

কেএমপির গোয়েন্দা শাখার ডেপুটি পুলিশ কমিশনার নুরুজ্জামান জানান, ঢাকা ও বরিশালে জাল টাকার কারবার করতে গিয়ে এর আগেও সগীর দুই দফা ধরা পড়েছিলেন র‌্যাব ও পুলিশের হাতে। গেল বছর জাল টাকাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়ে নয় মাস জেল খেটে তিনি জামিনে মুক্তি পান তিন মাস আগে। 

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে গাছ কাটার অপরাধে কাউন্সিলর আটক

তিনি জানান, এবার খুলনায় ডিবি পুলিশের হাতে ফের সগীর সহযোগী হোসেনসহ গ্রেপ্তার হন বিপুল পরিমাণ জাল টাকাসহ। পুলিশ তার কাছ থেকে দুই শত, পাঁচ শত ও এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে এবং জব্দ করে জাল টাকা তৈরির কম্পিউটার ও প্রিন্টারসহ নানা আলামত। 


একাত্তর/জো