যশোর শহরের আরএন রোড রাঙ্গামাটি গ্যারেজ এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় ওই কারখানা থেকে পাঁচটি অস্ত্র, আটটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ অস্ত্র তৈরির তিন কারিগরকে আটক করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র তৈরির সরঞ্জামও।
জানা গেছে, আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার বাহাদুরপুর মধ্যপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে কুদ্দুস আলী (৩০), বাহাদুরপুর জেস গার্ডেন পার্ক এলাকার ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (২৫) ও যশোর শহরের বেজপাড়া আকবরের মোড় এলাকার এলাহী বক্সের ছেলে আব্দুল আজিজ (৪৪)।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন যশোর শহরের আরএন রোড রাঙ্গামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অস্ত্র তৈরি করা হয়। এরপর ডিবির একটি টিম রাত সাড়ে ৯টার দিকে ওই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালায়। এসময় সেখান থেকে তিন কারিগরকে অস্ত্র তৈরি করতে থাকা অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে তৈরি হতে থাকা দুইটি ওয়ান শুটার গান, তিনটি নাইন এমএম পিস্তল, আটটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু
তিনি আরও জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির সাথে যুক্ত। এদের সাথে জড়িত অন্য সদস্যদেরও ধরতে কাজ করছে ডিবি পুলিশ। এছাড়াও ওই আটক ও উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো