ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় অটোরিকশার চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পণ্যবাহী লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) সকালে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত অটোচালকের নাম মো. কামাল মিয়া (৪৮)। তিনি শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামের মৃত মোশকু মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানান, ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরে ওই অটোরিকশাটি বাসস্ট্যান্ড থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এতে চালক ছাড়া কোনো যাত্রী ছিল না। এসময় পেছন থেকে আসা একটি লরি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চালক কামাল মিয়া মারা যান। 

আরও পড়ুন: টাকা ফেরত চাওয়ায় যুবককে পেটালো শ্বশুরবাড়ির লোকজন

তিনি বলেন, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত লরি ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে লরির চালক পালিয়ে গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসি