চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাহত শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন। এতে স্থবির হয়ে পড়েছে দেশের বৃহত্তর ভোগ্যপণ্যের এ পাইকারি বাজার।
বুধবার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়।
নিহত ওই শ্রমিকের নাম মাসুদ। তিনি পণ্য লোড-আনলোডের কাজ করতেন।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পিকআপ চালক-সহকারীদের ছুরিকাঘাতে মাসুদ আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তারা জানান, মাসুদের মৃত্যুর খবর পেয়েই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এতে খাতুনগঞ্জে পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ এবং আড়ত থেকে পণ্য উঠা-নামার কাজ বন্ধ রয়েছে।
এসময় শ্রমিকরা বলেন, হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওয়তায় না হলে এই বিক্ষোভ চালিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন: পঞ্চগড়ে ঘন কুয়াশা, শীতের আগমনী বার্তা
এদিকে শ্রমিকদের দাবির সঙ্গে একমত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে তারা বলেন, শ্রমিকদের বিক্ষোভে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে।
চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
একাত্তর/এসি