নরসিংদীতে কলেজে যাবার পথে শিক্ষককে ছুরিকাঘাত

নরসিংদীর বেলাবতে বাড়ি থেকে কলেজে যাবার পথে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরির আঘাতে আহত হয়েছেন কলেজ শিক্ষক আবদুস সাত্তার। 

বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাসষ্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটেছে। 

জানা গেছে, শিক্ষক সাত্তার উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক। উক্ত ঘটনায় তিনি বেলাব থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, তিনি প্রতিদিন ভৈরব শম্বুপুরের নিজের বাড়ি থেকে কলেজে এসে পাঠদান করেন। ঘটনার দিন সকাল ৮টা ৪০ মিনিটে তিনি নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় নেমে মহাসড়ক পার হয়ে অপর পাশে যাবার সময় অজ্ঞাত একজন ধারালো চাকু দিয়ে ঘাড় হতে পিঠ পর্যন্ত আঘাত করে। এরপর হামলাকারী রাস্তার একপাশে মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকা সহযোগীর সাথে পালিয়ে যায়। তার চিৎকারে এলাকাবাসী ও কলেজের অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

আহত কলেজ শিক্ষক আবদুস সাত্তার জানান, আমার কোন শক্রু নেই। আমি দীর্ঘদিন ধরে এই কলেজে শিক্ষকতা করে আসছি। কে বা কারা আমাকে আঘাত করছে আমি বলতে পারছি না। আমি থানায় অভিযোগ দিয়েছি। আশা করি ন্যায়বিচার পাবো।

নারায়ণপুর কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন শিক্ষককে যারাই হামলা করে আহত করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। 

আরও পড়ুন: চলতি নৌকা থেকে লাফিয়ে পালালো দণ্ডপ্রাপ্ত আসামি 

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন আহত শিক্ষক। তদন্ত সাপেক্ষে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো