হিলি চেকপোস্টে ২৪ স্বর্ণের বারসহ পাঁচজন আটক

দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতে যাবার সময় ২৪টি স্বর্ণের বারসহ পাঁচজন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। 

বুধবার (১৯ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে তাদের আটক করা হয় বলে জানান কাস্টমস গোয়েন্দা সুপারিন্টেনডেন্ট সোহেল রায়হান। 

জানা গেছে, আটককৃতরা হলেন মানিকগঞ্জের মনোরঞ্জন, ফরহাদ, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন ও ঢাকার মতিয়ার রহমান। 

গোয়েন্দা সুপারিন্টেনডেন্ট সোহেল রায়হান জানান, গোপন খবরের ভিত্তিতে প্রথমে দুইজনকে আটক করা হয়। তাদের তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক আরও তিনজনকে তল্লাশি করে ১৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪০০ গ্রাম যার আনুমানিক মূল্য এক কোটি ৬৮ লাখ টাকা বলেও জানান তিনি। 

আরও পড়ুন: নরসিংদীতে কলেজে যাবার পথে শিক্ষককে ছুরিকাঘাত

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও জানান কাস্টমস গোয়েন্দা সুপারিন্টেনডেন্ট। 


একাত্তর/জো