খাতুনগঞ্জে লোডিং শ্রমিক হত্যার ঘটনায় দুইজন আটক

চট্টগ্রামের ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে লোডিং-আনলোডিং শ্রমিক মাসুদ হত্যার ঘটনায় পিকআপ চালক সাইদুল ও সোহাগকে আটক করে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে নগরীর কোতোয়ালী থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান।

উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেইসাথে তথ্য প্রযুক্তির সহায়তায় এই হত্যাকাণ্ডে অভিযুক্ত পিকআপ চালক সোহাগকে গতকাল নগরীর বাকলিয়া থেকে এবং সাইদুলকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসাথে নগরীর বাকলিয়া থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটিও উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পাংশায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার

এর আগে, সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় খাতুনগঞ্জে গাড়ি পার্কিংয়ের জন্য কথা কাটাকাটির জেরে পিকআপ চালক রাসেল, সাইদুল, সোহাগসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন মাসুদকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বুধবার (১৯ অক্টোবর) বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান। এ ঘটনায় মাসুদের ছেলে মোহাম্মদ বাবুল বাদি হয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


একাত্তর/জো