কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী।
রোববার (২৩ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আখন্দ।
জানা গেছে, নিহত জাহাঙ্গীর আলম (৪৫) লক্ষ্মীপুর সদর থানার চর মোহাম্মদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তবে আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ওসি একেএম মঞ্জুরুল হক আখন্দ জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩৪৪) সুজাতপুর লাকি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরিকে (ঢাকা মেট্রো-ট-২৪-৩০৯৩) ধাক্কা দেয়।
আরও পড়ুন: শরীয়তপুরে সেতুতে লঞ্চের ধাক্কায় তিন যাত্রী নিহত
এতে ঘটনাস্থলেই মো. জাহাঙ্গীর আলম নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তিনি আরও জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/এসজে