চুয়াডাঙ্গায় বাইক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত স্কুলছাত্রের নাম আহাদ আলী জীবন (১৫)। সে চুয়াডাঙ্গা  সদর উপজেলার শ্রীকোল বোয়ালিয়া গ্রামের আকছেদ আলীর ছেলে ও শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আহতের নাম হারুন অর রশিদ জজ (১৬)। সে ওই স্কুলছাত্রের চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, সকালে নিজেদের মোটরসাইকেল মেরামত করতে ভাতিজা আহাদকে সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা শহরের দিকে আসছিলেন হারুন। এসময় বাস টার্মিনালে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক আহাদকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানবে সন্ধ্যায়

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, হাসপাতালে নেয়ার আগেই আহাদ আলী মারা যায়। আহত হারুনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসি