পটুয়াখালী সদরের লোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে ইটবোঝাই ট্রলারডুবিতে নিখোঁজ শ্রমিকের মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় ডুবে যাওয়া ট্রলারের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত নুরুল ইসলাম লোহার ইউনিয়নের নাজিরপুর গ্রামের বশির মোল্লার ছেলে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, প্রতাপপুর ঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে নোঙ্গর করা ইটবোঝাই ট্রলারটিতে গতকাল রাত সাড়ে নয়টার দিকে তলা দিয়ে পানি উঠছিল। এ অবস্থা দেখে ট্রলারে থাকা শ্রমিক নুরুল ইসলাম ট্রলারটি নদীর কিনারায় আনার জন্য ইঞ্জিন স্টার্ট দেয়ার চেষ্টা করে। তিনি ইঞ্জিন রুমে থাকা অবস্থাতেই ট্রলারটি দ্রুত ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকালে ঘটনাস্থলে পৌঁছে। তারা দীর্ঘসময় লোহালিয়া নদীতে অভিযান চালিয়ে নিমজ্জিত ট্রলারের ইঞ্জিনরুম থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন: পিস্তল-গুলি রাখার দায়ে তরুণের ১০ বছরের কারাদণ্ড
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেছে। দ্রুত ট্রলারটি ডুবে যাওয়ায় নুরুল ইসলাম ইঞ্জিনরুম থেকে বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।
একাত্তর/জো