কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল আটটার দিকে জেলার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গল সংলগ্ন একটি ফসলি জমি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত কিশোরীর নাম জান্নাতুল তাজমিন (১৫)। সে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে। মরদেহের পাশ থেকে জব্দ করা অটোরিকশাটির নম্বর ‘কুমিল্লা থ-১৩-০১১৪’।
স্থানীয়রা জানান, সকালে কাঁচিকাটা-হরিশ্চর বাজার পাকা সড়কের জগতপুর উত্তরপাড়ায় সড়ক পাশে একটি অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা সড়ক থেকে প্রায় ৫০ গজ দূরে ফসলি জমির আইলে এক তরুণীর মরদেহ দেখতে পান। নিহত কিশোরীর গলায় গামছা পেঁচানো এবং মুখমণ্ডল মাটিতে চেপে রাখা অবস্থায় ছিলো।
লালমাই থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সকালে মরদেহটি উদ্ধারের সময় পরিচয় অজ্ঞাত ছিলো, তবে পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। নিহতের গলায় গামছা পেঁচানো ছিল। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যার কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে জানিয়ে পুলিশ বলছে, ওই কিশোরী কীভাবে ঘটনাস্থলে এলো এবং হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে—তা তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
