ভোলায় মাছ ধরতে গিয়ে পা পিছলে নদী পড়ে নিখোঁজ থাকা এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল আটটার দিকে জেলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে একই দিন সকাল সাড়ে ছয়টার দিকে ওই কিশোর নদীতে নিখোঁজ হয়।
ওই কিশোরের নাম আওলাদ হোসেন (১৭)। সে শশিভূষণ থানা সংলগ্ন এওয়াজপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মো. ইমাম হোসেনের ছেলে।
চরফ্যাশন ফায়ার স্টেশনের ফায়ার ম্যান লক্ষ্মণ কুমার দে জানান, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ঝাঁকি জাল নিয়ে মায়া নদীতে মাছ ধরতে যায় ওই কিশোর। এক পর্যায়ে উপর থেকে নদীতে জাল ফেলতে গেলে নদীর তীরের মাটি ভেঙে পা পিছলে নদীতে পড়ে যায়। এরপর চরফ্যাশন ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সকাল আটটার দিকে তার মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: ঘরে গৃহবধূর লাশ রেখে সটকে পড়লো স্বামীর পরিবার
তিনি জানান,পা পিছলে নদীতে পড়ে ঝাঁকি জালের সঙ্গে আওলাদের শরীর পেঁচিয়ে যায়। ফায়ার সার্ভিসকর্মীরা হাতে জাল পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় আওলাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/এসি