রাজবাড়ীতে অভিযান চালিয়ে হত্যা, ডাকাতিসহ যাবজ্জবীন সাজা পাওয়া আসামিসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি নতুন বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, একটি শটগানের গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি কাঠের হাতলযুক্ত কুড়াল, দুটি ধারালো চাকু, একটি রামদা ও একটি লোহার রামদা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের সরদার পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, যাবজ্জীবন সাজা পাওয়া আসামি রাহাত বিশ্বাস পিয়াল, মো. আরিফ মণ্ডল, মো. আশরাফুল ইসলাম, রমজান আলী ও আলীম মণ্ডল।
বুধবার ( ২৬ অক্টোবর ) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
তিনি জানান, গ্রেপ্তাররা একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তারা রাজবাড়ীসহ আশেপাশের জেলায় অপকর্ম করে আসছিল। গোপন খবরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা অন্য আসামি রাসেল, পলাশ, মিথুন, ফরিদ, লালটু, টোকনসহ আরও সাত থেকে আট জন পালিয়ে গেছে।
আরও পড়ুন: ঘরে গৃহবধূর লাশ রেখে সটকে পড়লো স্বামীর পরিবার
পুলিশ সুপার আরও জানান, এ ব্যাপারে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আরও ১৫টি মামলা আছে।
সাংবাদিক সম্মেলনে, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. রেজাউল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
একাত্তর/এসি