ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় নির্যাতন ও ভরণপোষণ না দেয়ার অভিযোগে এক নারীর দায়ের করা মামলায় তার ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্যাপারীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাইফুল্লাহ (৪৪) ও তার স্ত্রী রুমা (৩০)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, বুধবার দুপুরে থানায় একটি ভরনপোষণ মামলা দায়ের করেন জহুরা খাতুন।
আরও পড়ুন: চাঁদা না দেয়ায় ভবন ভাংচুর : আ.লীগ নেতাসহ ৫ জন কারাগারে
মামলায় উল্লেখ করা হয়, শহরের ব্যাপারীপাড়া এলাকার গৃহবধূ জহুরা খাতুনকে তার সন্তান সাইফুল্লাহ ও ছেলের স্ত্রী রুমা শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। এমনকি মায়ের শারীরিক অসুস্থতায় তারা ঠিকমত চিকিৎসা করাতেন না ও ভরনপোষণ দিতেননা।
ওসি জানান, এই মামলায় ওই গৃহবধূর ছেলে ও ছেলের স্ত্রীকে রাতেই নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।