ফরিদপুরে বিস্ফোরণে কিশোর নিহত ও ছাত্রীর মরদেহ উদ্ধার

ফরিদপুরে ফ্রিজের কমপ্রেসর বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে বরকতী নামের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম রিফাত শেখ (১৬)। সে ওই ইউপির গৌরিপুর গ্রামের আবু তৈয়ব বরকতীর ছেলে। আহত ব্যক্তির নাম মো. মিরাজ বরকতী (৩৬)। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই।

ময়না ইউপির চেয়ারম্যান ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাজারে তাদের একটি মুদির দোকান আছে। দোকানের ফ্রিজের কমপ্রেসর নষ্ট হওয়ায় মিরাজ নিজে ঝালাই করে লাগাতে যান। এ সময় তা বিস্ফোরিত হয়ে পাশে দাঁড়ানো রিফাত ঘটনাস্থলেই মারা যায়।

বেয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তমাল চক্রবর্তী জানান, মারাত্মক আহত মিরাজকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে জেলার সালথা উপজেলায় মিম আক্তার (১৬) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই কলেজছাত্রীর মরদেহ সিলিং ফ্যানে ঝুলছিল।

শুক্রবার রাতে উপজেলার গট্টি ইউনিয়নের ছোট বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মিমি ওই গ্রামের আফছার মাতুব্বরে মেয়ে ও সরকারি সালথা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

মিমের পরিবার জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে মেয়ে মিমকে বাসায় রেখে স্থানীয় একটি মাহফিলে যান বাবা-মা। ফিরে এসে মিমে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

আরও পড়ুন: ‌‘ভালোভাবে’ পরীক্ষা ও মসজিদ উন্নয়নে ৫০০ টাকা ফি আদায়!

তাদের দাবি, প্রেমের বিষয়ে মিমি আত্মহত্যা করে থাকতে পারে।   

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে  সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক  বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে। 


একাত্তর/এসি