কাহালুতে ট্রেনে কাটা পড়া তরুণের মরদেহ উদ্ধার

বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়া এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কচুয়া গ্রামে তার মরদেহ পাওয়া যায়। 

জানা গেছে, নিহত তাজুল ইসলাম (৩৮) বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি এলাকার আবু বক্করের ছেলে। মুড়ি মাখা বিক্রি করতেন তিনি। 

রেল পুলিশের ধারণা, রাতে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে পড়ে নিহত হয়েছেন তিনি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল কয়েক বছর আগে তার শ্বশুরবাড়ি তালোড়া পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ি করেছেন। মাঝে মাঝে বানদীঘিতে যেতেন। গতকাল শুক্রবার তার তালোড়ায় আসার কথা ছিল। কিন্তু রাতে বাড়ি ফিরেননি। পরে স্থানীয়দের কাছে সকালে তালোড়ার আগের এলাকা কচুয়া গ্রামে তার ট্রেনে কাটা মরদেহ উদ্ধারের খবর পান তারা।

আরও পড়ুন: গাজীপুরে জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যার অভিযোগ 

বগুড়া রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মরদেহ পূর্ব থেকে পশ্চিম দিকে ছেঁচড়ে গেছে। মরদেহের পা পাওয়া যায়নি। খুব সম্ভবত শিয়াল বা কোনো জন্তু নিয়ে গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে রাতের ট্রেনে কাটা পড়েন তাজুল। রাতের সবশেষ রংপুর এক্সপ্রেস গিয়েছে ঢাকায়। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো