দুই দশকে সবচেয়ে বেশি পাঙাশ ধরা পড়ছে বরিশালে

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ হয়েছে দুইদিন আগে। তবে এই মুহূর্তে বরিশালে ইলিশের চেয়েও বেশি পাওয়া যাচ্ছে পাঙাশ মাছ। 

নগরীর পোর্ট রোডের পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রে হাজার মণ ইলিশের দেখা মিললেও, পাঙাশ মিলছে তার চেয়েও বেশি। 

জেলেরা বলছেন, গেল দুই দশকে এতো পাঙাশ ধরা পড়েনি তাদের জালে। তাই ইলিশের বাজারদর খুব একটা না কমলেও পাঙাশের দর কমেছে কেজিতে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত। 

রোববার (৩০ অক্টোবর) সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, দেড় কেজি ওজনের ইলিশ সাড়ে ১২০০ টাকা কেজি, এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৫০ টাকা আর ৬০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকা দরে। 

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার (২৮ অক্টোবর) ইলিশ ধরা শুরু হলেও, বরিশালের স্থানীয় নদীগুলোতে এখন পর্যন্ত ইলিশের দেখা মিলছে তুলনামূলকভাবে কম। 

তবে শ্রীপুরের কালাবদর, মেহেন্দিগঞ্জের তেতুঁলিয়া আর ভোলার মেঘনা নদীতে পাঙাশ ধরা পড়ছে বেশ ভালো পরিমাণেই। আর এতে জেলেরা বেজায় খুশি।

তবে, কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই বলে এর বাজারদর চড়া বলে জানালেন পাইকাররা। আর বড় আকারের ইলিশেরও দেখা মিলছেনা এবার।  

আরও পড়ুন: বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত, মা-বোন আহত

আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল বলেন, এখন ইলিশের চেয়ে পাঙাশ বেশী মিলছে ঠিকই তবে সামনে পূর্ণিমার জোয়ার রয়েছে। তখন প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন তিনি। 

এদিকে মৎস্য বিভাগের মতে, এখন পাঙাশের মৌসুম চলছে। আর বড় সাইজের ইলিশ ডিম পেড়ে সমুদ্রে চলে যাওয়াতে এক কেজির কম ওজনের ইলিশ ধরা পড়ছে বেশি। 


একাত্তর/এসজে