গোপালগঞ্জের জেলা কারাগারে থাকা ভারতীয় এক হাজতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ জেলা জেল সুপার মো. ওবায়দুর রহমান জানান, ওই হাজতির নাম তারেক বাইন (৬০)। তিনি ভারতের বিহার রাজ্যের পশ্চিম বিহারের সোনার গ্রামের মরণ বাইনের ছেলে।
এর আগে ২০২১ সালের ৯ জুলাই তাকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করা হয়।
জেল সুপার জানান, মৃত ওই হাজতির মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর কারা কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: মুসকিল লীগ, ইত্যাদি পার্টিসহ নিবন্ধন চায় ৮০ দল
গোপালগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান, রোববার রাত আটটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরে রাত ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য, শরিয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে গত ২০২১ সালের ৯ জুলাই শরিয়তপুর জেলা কারাগারে নেয়া হয়। এরপর গত ২০ জানুয়ারি গোপালগঞ্জ জেলা কারাগারে আনা হয়।
একাত্তর/এসি