কুমিল্লার লাকসামে স’মিলের এক শ্রমিক প্রকাশ্যে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক স’মিল মিস্ত্রিকে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর সোয়া একটার দিকে উপজেলার খিলা বাজারে এ খুনের ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার পরপরই ওই স’মিল শ্রমিক মাইনুদ্দিনকে পুলিশের হেফাজতে নেয়া হয়। নিহত স’মিল মিস্ত্রি মনির হোসেনের মরদেহও উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বাজারের একটি স’মিলে কাজ করছিলেন মনির ও মাইনুদ্দিন। কাজ করার সময় একটি গাছ পড়ে মাইনুদ্দিন পায়ে আঘাত পান। এতে মাইনুদ্দিনের সাথে মনিরের কথা-কাটাকাটি হয়। এতে মাইনুদ্দিন ক্ষিপ্ত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মনির ভাত খেয়ে বের হওয়ার সময় হোটেলের রান্নার কাজে ব্যবহৃত বটি দিয়ে মনিরের গলায় কোপ দেয় মাইনুদ্দিন। এতে ঘটনাস্থলেই মারা যান মনির।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পোশাককর্মী হত্যা মামলায় গ্রেপ্তার দুই
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন ভূইয়া জানান, ঘটনার পর থেকে মাইনুদ্দিন পুলিশ হেফাজতে রয়েছেন। নিহত মনিরের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
একাত্তর/জো