'আমি বাবা ডাকবার পাই না, মজার খাবার পাই না সব সময়। আমার বাবারে জাবো (জবাই) করেছে তারা, বিচার কইরি দেন আনহেরা' এভাবেই বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন নিহত কৃষক শেখবরের ছোট ছেলে শাহিন।
শেরপুরের শ্রীবরদীতে পুলিশের সামনে কৃষক শেখবর আলীকে কুপিয়ে হত্যা মামলার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম হালুয়াহাটি গ্রামে এলাকাবাসীর আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন মামলার বাদি মাহফুজ, বীর মুক্তিযোদ্ধা অহির উদ্দিন, আব্দুল হাকিম, নিহত শেখবরের স্ত্রী জাহানারা বেগম, শেখবরের মা মাহফুজা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছরের ২৩মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের সামনে শেখবর আলীকে কুপিয়ে হত্যা করে জিকোসহ ৭/৮জন। পরে মামলা দায়ের হলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার কিছুদিন পর ২/৩ জন আসামি জামিনে এসে বাদিদের নানাভাবে হুমকি দিচ্ছে। তারা বলে বেড়াচ্ছে একজনকে হত্যা করলেও ফাঁসি একাধিক হত্যা করলেও ফাঁসি, তাই নতুন করে হত্যা করার পরিকল্পনা করছে আসামিরা।
আরও পড়ুন: যুদ্ধের প্রস্তুতি জোরদারের নির্দেশ দিলেন শি
শেখবরের স্ত্রী জাহানারা বেগম বলেন, দিনে-দুপুরে পুলিশের সামনে আমার স্বামীকে জবাই করে হত্যা করে, এখন আমাদেরকেই উল্টো চাপে ফেলতে আসামিরা বিভিন্ন উপায় খুঁজে বেড়াচ্ছে। আমরা আসামিদের দ্রুত ফাঁসি চাই।
এ ব্যাপারে জানতে জামিনে আসা আসামিদের সাথে বারবার যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মানববন্ধনে তারা যে দাবি করেছেন সেটা যদি সঠিক হয়, তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর ফাঁসির বিষয়টি সম্পূর্ণ আদালতের। পাশাপাশি বাদি পক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তাদের পাশে থাকবে।
একাত্তর/আরবিএস