পরিবারের ওপর অভিমানে যুবকের আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে পরিবারের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ।

মঙ্গলবার (৮ নভেম্বর) উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মনসুর মিয়া ওই গ্রামের কুয়েত প্রবাসী আনিছুর রহমান রসুলের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে মহাদান ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল জানান, প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের মেয়ে শিফা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়েন মনসুর মিয়া। শুরু থেকেই এ সম্পর্ক মেনে নিতে আপত্তি করে আসছিলেন মনসুরের মা। পরে পরিবারের অমতেই ২০২১ সালে শিফাকে বিয়ে করেন মনসুর। এতে ছেলের সাথে মায়ের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এজন্যই প্রায়ই শিফা তার বাপের বাড়িতে থাকতেন। 

তিনি জানান, এসব পারিবারিক কলহ নিয়ে মানসিক বিষাদগ্রস্ত হয়ে পড়েন মনসুর। মঙ্গলবার বিকেলে বাড়িতে লোকজন না থাকায় নিজ বসতঘরের ধর্নার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

আরও পড়ুন: দক্ষিণ কেরানীগঞ্জে সহযোগীসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, তরুণের আত্মহত্যার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেয় পুলিশ।


একাত্তর/জো