রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরের পশুর নদীতে দুর্ঘটনা কবলিত কয়লা বোঝাই কার্গো জাহাজ এমভি জুমায়রা-১ থেকে কয়লা খালাসের কাজ চলছে।
শনিবার (১২ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত খালাস হয়েছে ৪০০ মেট্রিকটন কয়লা।
সরেজমিনে দেখা গেছে, ক্রেন দিয়ে কয়লা খালাস করে তা রাখা হচ্ছে পাশের অপর আরেকটি কার্গো জাহাজে।
জাহাজে থাকা কয়লা খালাস শেষে জাহাজটি পশুর নদীর চর থেকে নামিয়ে নিরাপদে সরিয়ে নেয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা।
দুর্ঘটনা কবলিত এমভি জুমায়রা-১ কার্গো জাহাজের সুপারভাইজার মো. আব্দুল আলিম জানান, সুকান ফেল করে পশুর নদীর ডুবোচরে আটকে ডেক ফেটে দুর্ঘটনা কবলিত হয় কয়লাবাহী জাহাজটি। বন্দরের হাড়বাড়ীয়ায় থাকা বিদেশী জাহাজ থেকে কয়লা বোঝাই করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভ্যান উল্টে আখ মাড়াইয়ের মেশিন চাপায় রস বিক্রেতার মৃত্যু
তিনি আরও জানান, সকালে ঢাকার গ্লোব ট্রেডার্স মালিক পক্ষের পাঠানো ক্রেন ও নৌযানের সহায়তায় দুর্ঘটনা কবলিত কার্গো থেকে কয়লা খালাস শুরু হয়েছে।
সকল কয়লা খালাস শেষে জাহাজটি চর থেকে নামিয়ে মেরামতের জন্য নেয়া হবে বলেও জানান তিনি।
একাত্তর/জো