নরসিংদীতে দুই বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, নিহত দুই

নরসিংদীতে দুই যাত্রীবাহী বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরে জেলার রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, ভোরে রায়পুরার নীলকুঠি এলাকায় একটি বিআরটিসি বাস চাকা পাঞ্চার হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। এমন সময় কিশোরগঞ্জের ভৈরবমুখী একটি যাত্রীবাহী বাস বিআরটিসি’র বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঠিক সেই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা নরসিংদীর ইটাখোলা গামী একটি মাছভর্তি পিকআপ ওই বাস দুটিকেও ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নদীর মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসি