কুষ্টিয়ার মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে এক নার্সারি ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের শিমুলতলা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত আবু তৈয়ব (৫৫) গাছের চারা তৈরির জন্য কলম বানানোর কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবু তৈয়বের বাড়ি চট্টগ্রাম জেলায়। ১১ বছর ধরে মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামে বসবাস করছেন তিনি। সেখানে গাছের চারা তৈরির জন্য কলম বানাতেন তিনি। সকালে শিমুলতলা মাঠে তার ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
আরও পড়ুন: দুই মোটরসাইকেলের সংঘর্ষে কিশোরের মৃত্যু, চারজন আহত
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি।
একাত্তর/জো