তিনদিন পর পশুর নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে। 

সোমবার (২১ নভেম্বর) সকালে কানাইনগর এলাকার পশুর নদীর চরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিখোঁজ থাকা ওই জেলে বশির শেখ (৪০) জয়মনি গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে। 

স্থানীয়রা জানান, বনবিভাগের কাছ থেকে বৈধ পাস পারমিট নিয়ে শুক্রবার সন্ধ্যায় পশুর নদীর হাড়বাড়ীয়া এলাকায় মাছ ধরতে গিয়ে শুক্রবার (১৮ নভেম্বর) রাতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন বশির। এরপর স্বজন ও স্থানীয় অপর জেলেরা মিলে নিখোঁজের সন্ধানে তল্লাশি চালিয়ে না পেয়ে বিষয়টি কোস্টগার্ডকে জানালে শনিবার (২০ নভেম্বর) সকাল থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন কোস্টগার্ড সদস্যরা। কিন্ত তাও ব্যর্থ হয়।

তারা আরও জানান, অবশেষে নিখোঁজের তিন দিন পর সোমবার সকাল ৯টার দিকে পশুর নদীর কানাইনগর এলাকার চর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা। পরে তার পরিবারকে খবর দিলে স্বজনরা এসে মরদেহটি নিহতের বাড়িতে নিয়ে যান। 

আরও পড়ুন: কুষ্টিয়ায় নার্সারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি ও অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। আর বশিরের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/জো