চাঁপাইয়ে বিএনপি নেতার অফিস থেকে ককটেল উদ্ধার, আটক ১৭

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় বিএনপি নেতার অফিস থেকে আটটি ককটেলসহ দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

এদিকে, জেলার শিবগঞ্জে সাতটি ককটেলসহ বিএনপির আরও ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টার পর থেকে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে ওবায়েদ পাঠানের ব্যক্তিগত অফিস এলাকায় বিএনপি নেতাকর্মীরা সমবেত হতে থাকে। বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল বের করার সময় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।  

এরই এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ তাদের নিবৃত্ত করতে লাঠিচার্জ করে। এসময় নেতাকর্মীরা দিকবিদিক ছুটোছুটি শুরু করে এবং এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। 

এদিকে, ঘটনার পর উপজেলা বিএনপির আহবায়ক ওবায়েদ পাঠানের বাতেন খাঁর মোড়স্থ ব্যক্তিগত অফিসে পুলিশ তল্লাশি চালায়। তল্লাশির সময় পুলিশ ওবায়েদ পাঠানের অফিসের রান্নাঘর থেকে আটটি ককটেল ও চারটি রামদা উদ্ধার করে।

আরও পড়ুন: শেরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ছয় পুলিশসহ আহত ২১

ওসি আরও জানান, ককটেলগুলো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাখা হয়েছিলো। এ ঘটনার সাথে জড়িত স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিক হাসান মুক্তা (৩৭) ও বিএনপি কর্মী আনারুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে এবং এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে, শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকা থেকে গোপন বৈঠক করার সময় নাশকতার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীকে আটক ও সেখান থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয় বলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম-ঠিকানা জানাতে পারেননি তিনি। 


একাত্তর/এসজে