মোংলায় ৪০০ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটের মোংলায় ৪০০টি ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে পৌর শহরের মাদ্রাসা রোডের ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত মাদক ব্যবসায়ী খালেদা আক্তার লাকি ওরফে রোজিনা কক্সবাজারের টেকনাফ থানার ফুলের ডেইল এলাকার মৃত মোহাম্মদ হোসেনের মেয়ে। তার নামে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি মাদক মামলা রয়েছে। সেই মামলায় তিনি এক বছরের সাজাপ্রাপ্ত।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার মাদ্রাসা রোডের মৃত শুক্কুর আলীর বাড়ির ভাড়াটিয়ার ঘরে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এসময় ভাড়াটিয়া খালেদা আক্তার লাকি ওরফে রোজিনাকে (৪৫) তল্লাশি করে আটটি স্কচটেপে মোড়ানো প্যাকেটে ৪০০টি ইয়াবা পাওয়া যায় যার মূল্য এক লাখ ২০ হাজার টাকা বলে জানায় পুলিশ। 

আরও পড়ুন: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নারীর মৃত্যু

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, খালেদা আক্তার লাকি ওরফে রোজিনা ১৫-১৬ বছর আগের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী। তিনি মোংলায় এসে আত্মগোপনে ছিলেন এবং মোংলার বিভিন্ন এলাকায় কৌশলে মাদকের কারবার করে আসছিলেন। রাতেই তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। শনিবার (২৬ নভেম্বর) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো