রাজবাড়ী পৌরসভায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দেয়া এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী পৌরসভার ১ নং বেরাডাঙ্গা তালতলা এলাকায় ইয় ব্যক্তির শ্বশুরের ভাড়া বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ।
জানা গেছে, আটক ফারহান মণ্ডল রংপুর জেলার পিরগাছা এলাকার কাশেম মণ্ডলের ছেলে।
রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান জানান, আটক ফারহান পুলিশের এসআই পরিচয় দিয়ে দশ মাস আগে পাচুরিয়া ইউনিয়নের জাফর মিয়ার মেয়েকে বিয়ে করেন।
দুই মাস সংসার করার পর নিজের শ্যালককে বিআরটিএতে চাকরি দেওয়ার কথা বলে তিনি বিপুল পরিমাণ টাকা নিয়ে পালিয়ে যান এবং একটি ভুয়া নিয়োগপত্র প্রদান করেন। এরপর তিনি আর শ্বশুরবাড়িতে ফেরত আসেননি।
আরও পড়ুন: শেরপুরে শিশুধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার
শুক্রবার (২ ডিসেম্বর) রাতে ফারহানের স্ত্রী টেলিফোনে যোগাযোগ করে তাকে রাজবাড়ী আসতে বলেন। ফারহান শ্বশুরবাড়িতে পৌঁছালে তাকে স্থানীয়দের মাধ্যমে আটক করে পুলিশে খবর দেয়া হয়।
এসআই মাহাবুবুর রহমান আরও জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ভুয়া এসআই ফারহানকে আটক করে রাজবাড়ী থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা চলছে।
একাত্তর/এসজে