ডাম্প ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত এক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বালুবাহী ডাম্প ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের আরও এক আরোহী গুরুত্বর আহত হন।  

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী-ফেনী মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মো. হারুন ওরফে লিটন (৩৫) সুধারাম উপজেলার লালা নগরের মো. দুলালের ছেলে। তিনি একজন মাছ ব্যবাসায়ী ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।    

লক্ষীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঞা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নোয়াখালীর মাইজদী থেকে একটি ডাম্প ট্রাক ফেনীর উদ্দেশে যাত্রা করে। ওই সময় বিপরীত দিক থেকে আসা চৌমুহনীমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যানটি। 

আরও পড়ুন: নোয়াখালীতে বিদেশী মদ ও ককটেল বোমাসহ তিন মাদক কারবারি আটক

এতে পিকআপ ভ্যান আরোহী মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন বলে জানান ওসি। এ দুর্ঘটনায় আরও এক পিকআপ ভ্যান আরোহী আহত হন। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।  

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার শিকার গাড়িগুলো আটক করে থানায় নিয়ে আসা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনি প্রদক্ষেপ নেওয়া হবে। 


একাত্তর/এসজে