চট্টগ্রামের সাতকানিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে ফেনী থেকে আটক করেছে র্যাব-৭।
সোমবার (১২ ডিসেম্বর) ভোররাতে গোপন খবরের ভিত্তিতে ফেনীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. ইউসুফকে (৪৭) পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত ৬ ডিসেম্বর সাতকানিয়া এলাকায় সাত বছরের শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ইউসুফ তাকে চকলেট ও আচারের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী শঙ্খ নদীর পারে ঝোপের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে বললে হত্যা করবে বলেও হুমকি দেয়। বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় তাকে। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন।
র্যাব আরও জানায়, ঘটনা জানাজানি হলে আসামি ইউসুফ এলাকা ছেড়ে পালিয়ে যান। ধর্ষণের শিকার শিশুটির মা বাদি হয়ে ইউসুফকে আসামি করে গত ৭ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে র্যাব অভিযানে নামে।
আরও পড়ুন: বিরিয়ানির সাথে ঝোল চাওয়ায় গ্রাহককে গরম তেলের কড়াইয়ে ধাক্কা!
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ইউসুফ ধর্ষণের কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/জো