ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মো. কিবরিয়া ফকিরকে হত্যার ঘটনায় তার ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাভার মডেল থানাধীন সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নাঈম ফকিরকে (১৭) গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর রাতে পারিবারিক কলহের জেরে ধারালো ছুরি দিয়ে পিতা কিবরিয়া ফকিরকে (৪৫) আঘাত করে নাঈম।
স্থানীয়দের সহায়তায় কিবরিয়া ফকিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা সীমান্তে তরুণকে কুপিয়ে হত্যা
প্রতিবেশীরা জানান, কিবরিয়া মাঝেমধ্যেই নেশাগ্রস্ত হয়ে তার স্ত্রীকে মারধর করতেন। এই নিয়ে বাবা-ছেলের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
গ্রেপ্তার নাঈমকে ভাঙ্গা থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম।
একাত্তর/এসজে