রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে হাসুয়ার কোপে (দেশীয় অস্ত্র) দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে চারঘাটের বাঁকড়া এলাকায় এ ঘটনা ঘটে। চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন, বাঁকড়া এলাকার মৃত দেদার হোসেনের ছেলে আবদুল আজিজ ও জেকের আলী ছেলে আকরাম আলী।
নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে আহতদের মধ্যে কয়েকজনকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকিদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: র্যাব ও ডিবির কাছে সন্তোষজনক জবাব পেয়েছে বুয়েট শিক্ষার্থীরা
চারঘাট থানা পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন থেকে দুই চাচাতো ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিলো। এ বিষয়ে স্থানীয়ভাবে কয়েকবার এলাকায় বসেও কোনো মীমাংসা হয়নি। আজ বিকেলে জমিতে সার দিতে যান আকরাম আলী। তাতে বাধা দেয় আবদুল আজিজ। এনিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পরিবারের আরও কয়েকজন আসলে মারামারিতে জড়িয়ে পড়ে তারা। এক পর্যায়ে হাসুয়ার কোপ ও লাঠির আঘাতে গুরুত্বর আহত হন দুই জন। পরে তাদের স্বজনরা উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।
একাত্তর/আরবিএস