আশুলিয়ায় দুই কিলোমিটারজুড়ে বাসা-বাড়ির অবৈধ প্রায় ৭০০ সংযোগ বিচ্ছিন্ন ও একটি শিল্প কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে সাভার তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বুধবার (২১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার গৌরিপুর এলাকার অবৈধ সব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও স্টোনকোল্ড ওয়াশিং কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, গৌরিপুর এলাকার দুই কিলোমিটারের ভেতরে প্রায় ৭০০ অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় সবগুলো সংযোগই বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়া একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নেয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
তিনি বলেন, সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দেখা যায়, উচ্চ চাপবিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বাসা-বাড়ি ও একটি কারখানায় সংযোগ নেওয়া হয়েছে। দুই ইঞ্চি, এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছে যা খুবই ঝুঁকিপূর্ণ।
কিছু দুষ্কৃতিকারীরা রাতে অবৈধ সংযোগ দিচ্ছে জানিয়ে তিনি বলেন, আজকের অভিযানের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
একাত্তর/এসজে