রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার সংলগ্ন গঙ্গারামপুর তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত আব্দুল মাজেদ মোল্লা (৫৫) নারুয়া বাজারের লেপ-তোষক ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম তুরান জানান, দুপুরে আব্দুল মাজেদ মোল্লা বাড়ী থেকে মোটরসাইকেলযোগে ছেলে মামুনের জন্য খাবার নিয়ে নারুয়া বাজারে যাচ্ছিলেন।
এসময় গঙ্গারামপুর মোড়ে ইটভাটার একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সুন্দরবনে দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরলেন আরও আট জেলে
নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, হাসপাতালে নেয়ার পথেই আব্দুল মাজেদ মোল্লার মৃত্যু হয়। তার মরদেহ নিয়ে বাড়ীতে রাখা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে ও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ দুর্ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
একাত্তর/এসজে
