যশোরে প্রকাশ্যে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

যশোর শহরে প্রকাশ্যে দোকানে ঢুকে এক তরুণ মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে শহরের খড়কী ধোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তরুণ এরফান ফরাজী (২৮) ওই এলাকার রফিকুল ইসলাম ফরাজীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে এরফান খড়কী কবরস্থানের পাশে নিজ দোকানে ছিলেন। এসময় তিনজন অজ্ঞাত ব্যক্তি এসে তার বুকে ছুরি মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতর স্বজনরা জানিয়েছেন, এরফানের সাথে কারো কোনো শত্রুতা ছিল না। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে, তা তাদের ধারণার বাইরে।

আরও পড়ুন: নিখোঁজ কিশোর অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রূপণ কুমার সরকার জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে সনাক্ত করা গেছে। তাদের আটকে অভিযান শুরু করেছে পুলিশের একাধিক টিম। মরদেহের ময়নাতদন্ত শেষে এই ঘটনায় মামলা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো