গাংনীতে মৌমাছির আক্রমণে একজনের মৃত্যু, চারজন আহত

মেহেরপুরের গাংনীতে মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চারজন। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত হায়দার আলী (৪২) সাহারবাটি গ্রামের তাহাজউদ্দীনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের আছেদ আলীর ছেলে ফজলু (৪০), হায়দার আলীর ছেলে মাসুম (১৫), আনন্দ মণ্ডলের ছেলে হায়াত আলী (৬০) ও পঞ্জত আলীর ছেলে মোহাম্মদ আলী (৫৫)। আহতদেরকে মেহেরপুর সদর হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, সাহারবাটি মাঠের একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিল। হঠাৎ একটি বাজপাখি তাতে হানা দিলে মৌমাছিরা মাঠে কর্মরত লোকজনের উপর আক্রমণ শুরু করে। মৌমাছির হুলে আহত হন হায়দার আলী, ফজলু, মাসুম, হায়াত আলী ও মোহাম্মদ আলী। ঘটনাস্থলেই মারা যান হায়দার আলী। আহত অন্যান্যদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। 

আরও পড়ুন: তাড়াশে অটোভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষে কৃষক নিহত

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবীর হাসান জানান, মৌমাছির হুলে আহত তিনজন আশঙ্কামুক্ত। মোহাম্মদ আলী নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


একাত্তর/জো