বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ মধ্যপাড়া এলাকা থেকে আবু হানিফ শেখ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওই যুবকের ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু হানিফ মৌভোগ মধ্যপাড়া গ্রামের গোলদার শেখের ছেলে।
পরিবারের দাবি হানিফ আত্মহত্যা করেছেন।
মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খালিদুর আশিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন হানিফ। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহতের স্ত্রী রহিমা বেগম জানান, স্বামী আবু হানিফ শেখ রোববার তাকে বাড়িতে আনার জন্য শ্বশুরবাড়ি বৈলতলী গ্রামে যান। কিন্তু স্ত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে না নিয়ে বাড়িতে চলে আসেন হানিফ। এরপর এদিন সকালে সে জানতে পারে তার স্বামী আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।
একাত্তর/আরএ