নরসিংদীতে বেকু চাপায় শ্রমিক নিহত

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় বেকু চাপায় বাচ্চু ফকির (৫৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ডাঙ্গা বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু ফকির ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল বাশার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজ বুধবার সকালে হাসানহাটা গ্রামে নিজ বাড়ি থেকে ডাঙ্গা বাজারে শ্রমিকের কাজ করতে যান বাচ্চু ফকির।

বেলা সাড়ে ১১টার দিকে বাজারের সামনের সড়ক পার হওয়ার সময় বেকুর চাপায় পিষ্ট হন তিনি।

এতে ঘটনাস্থলেই বাচ্চু ফকিরের মৃত্যু হয়। পরে বাজারের লোকজন জড়ো হয়ে ঘাতক বেকুর চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আরও পড়ুন: রংপুর সিটিতে জামানত খোয়ালেন লীগ প্রার্থী ডালিয়া

ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ