ট্রেনে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী তরুণ নিহত হয়েছেন। 

রোববার (১ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জাকারিয়া (৩৫) গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের বাসিন্দা এবং নিহত মির্জু (৩৬) বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামারগ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী ঘটনাস্থলে নিহত হন। তারা দুইজনই বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে ট্রেনের হর্নের শব্দ শুনতে পাননি বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত 

সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটা রেল পুলিশের দায়িত্ব। তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেলপুলিশের একটি দল পাঠানো হয়েছে। 


একাত্তর/জো