সিরাজগঞ্জ সদরে মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রেলওয়ের এক প্রকৌশলী নিহত ও অপর একজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ জানুয়ারি) রাতে জেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী মো. হামিদুল ইসলাম (৩০) গাইবান্ধা জেলার বাসিন্দা। এসময় আহত অপর আরোহী মো. আজাহার আলী (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত দুইজন রেলওয়েতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
আহত আজাহার আলী জানান, মুলিবাড়ি হতে যমুনা সেতুর পূর্বপাড় যাওয়ার পথে অজ্ঞাতনামা ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হামিদুল ইসলাম নিহত হয়। তাকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। বর্তমানে তিনি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: জমি সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিহতের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো